দেশব্যাপী পরিচালিত ধারাবাহিক অভিযানে গত তিন মাসে ৩ হাজার ৪৭৩ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
র্যাবের অপারেশন সংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত সময়ে এসব অভিযান পরিচালিত হয়।
পরিসংখ্যান বলছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মাদক সংক্রান্ত মামলায় ১ হাজার ১১৫ জন, হত্যা সংক্রান্ত ঘটনায় ৪৮৪ জন, নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ মামলায় ১৭৪ জন এবং অস্ত্র সংক্রান্ত ঘটনায় ১০৪ জন রয়েছেন। এছাড়া ছিনতাই, ডাকাতি, মানবপাচার ও নাশকতাবিরোধী অভিযানে আরও বহু আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। এর মধ্যে প্রায় ১৪ লাখের বেশি ইয়াবা, ৫ হাজার ২৬৬ কেজি গাঁজা, ২৪ কেজির বেশি হেরোইন এবং ৭ হাজারের বেশি বোতল ফেনসিডিল রয়েছে। পাশাপাশি দেশি-বিদেশি মদ, অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, সিরাজগঞ্জ, মাদারীপুর, নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করা হয়। অনেক ক্ষেত্রে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেফতারের নজির স্থাপন করেছে র্যাব।
এদিকে দীর্ঘমেয়াদি চিত্রে দেখা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলেও সাম্প্রতিক সময়ে তা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। ধারাবাহিক অভিযান ও তৎপরতার মাধ্যমে অপরাধ দমনে ভূমিকা রাখছে আইনশৃঙ্খলা বাহিনী।
সংশ্লিষ্টরা বলছেন, অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতি আরও উন্নতির দিকে যাবে।
আইনশৃঙ্খলা বাহিনী রক্ষায় সচেষ্ট র্যাব।