দেশের বিভিন্ন জ্বালানি তেল ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের উদ্যোগ নিয়েছে সরকার। চলমান পরিস্থিতিতে জ্বালানি তেলের ডিপোগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বুধবার (১১ মার্চ ২০২৬) এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, সাম্প্রতিক সংকটের কারণে দেশের বিভিন্ন ডিপো থেকে ডিলারদের হঠাৎ করে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে। কিন্তু সেই চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না হওয়ায় কিছু স্থানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ অবস্থায় জ্বালানি তেল বিপণনকারী রাষ্ট্রায়ত্ত তিন প্রতিষ্ঠান—পদ্মা অয়েল পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ী, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশালের তেল ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সশস্ত্র বাহিনী বিভাগকে নির্দেশনা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।