ফরিদপুর ও রাজবাড়ীতে দুটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ীর উদ্বোধন করেন।
দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ও দক্ষ নাগরিক তৈরিতে অবদান রাখার কথা জানিয়েছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনার (এমসিএসকে) আদলে প্রতিষ্ঠা করা হয়েছে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর। জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।
অন্যদিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী। আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
নতুন দুটি শিক্ষাপ্রতিষ্ঠান এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এগুলো এলাকার শিক্ষার মানোন্নয়নেও ভূমিকা রাখবে।
উদ্বোধন অনুষ্ঠানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার উপস্থিত ছিলেন। এ ছাড়া সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।