প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের পথে কেউ বাধা সৃষ্টি করতে চাইলে তা জনগণই প্রতিহত করবে।
শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন নিয়েই সরকার কাজ শুরু করেছে। খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জিনদের সম্মানিভাতা এবং বৃক্ষরোপণ কর্মসূচির মতো নির্বাচনি প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, এসব জনকল্যাণমূলক কর্মসূচি শুরু হওয়ার পর কিছু মহল বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে এবং বিরোধিতা করছে। তবে জনগণ সচেতন আছে। যারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ বাধাগ্রস্ত করতে চাইবে, জনগণই তাদের পরিকল্পনা রুখে দেবে।
প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ বিএনপির পক্ষে রায় দিয়ে তাদের প্রত্যাশা জানিয়ে দিয়েছে। তাই জনগণের দেওয়া সমর্থনের ভিত্তিতেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।
তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
দেশ পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য একটাই, দেশকে পুনর্গঠন করা এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। বিএনপি সবসময় বিশ্বাস করে, জনগণই তার রাজনৈতিক শক্তির মূল উৎস। তাই জনগণকে সঙ্গে নিয়েই সরকার উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি বলেন, এই দেশ মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছেন। এখন সবার দায়িত্ব হলো দেশকে নতুনভাবে গড়ে তোলা। সবাই মিলে প্রিয় মাতৃভূমিকে প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে।
এর আগে প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে মাটি কেটে ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
অনুষ্ঠানে চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হক দুলু, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, শরীয়তপুর সদর আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন অপু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।