পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৫ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে দুই দেশের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশ দুটির বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। তবে আফগানিস্তানে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। সংস্থাটি প্রথমে এর মাত্রা ৫ দশমিক ৮ বলে ধারণা করলেও পরে তা সংশোধন করে ৫ দশমিক ২ নির্ধারণ করে। ভূমিকম্পটির উৎপত্তি হয় ভূপৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে।
অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূকম্পন অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।
সূত্র: রয়টার্স, টোলো নিউজ ও জিও নিউজ