শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নিয়েছে আলজেরিয়া। বিশ্বকাপের ‘জে’ গ্রুপের ম্যাচে জর্ডানকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে আফ্রিকার দলটি। অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের।
সান ফ্রান্সিসকো বে স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে দুই দলের লড়াই। তবে প্রথমার্ধে এগিয়ে যায় জর্ডান। ম্যাচের ৩৬তম মিনিটে আল-রাশদানের গোলে লিড নেয় তারা।
গোল খেয়েও হাল ছাড়েনি আলজেরিয়া। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়িয়ে জর্ডানের রক্ষণে চাপ তৈরি করতে থাকে তারা। একের পর এক আক্রমণে শেষ পর্যন্ত ৬৯তম মিনিটে সমতায় ফেরে আলজেরিয়া। নাদির বেনবুয়ালি গোল করে ম্যাচে ফেরান দলকে।
এরপর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে আলজেরিয়া। ম্যাচের ৮২তম মিনিটে আমিনে গুইরির গোলে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আলজেরিয়া।
এই জয়ে টুর্নামেন্টের নকআউট পর্বে খেলার আশা টিকিয়ে রাখল আলজেরিয়া। আগামী রবিবার সকাল ৮টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে তারা। দুই দলেরই পয়েন্ট সমান হওয়ায় ওই ম্যাচের জয়ী দল সরাসরি শেষ ৩২-এর পর্বে জায়গা করে নেবে।
অন্যদিকে টানা দুই ম্যাচে হারের কারণে জর্ডানের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল।