পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফুল বিজু উপলক্ষে রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ।
রবিবার (১২ এপ্রিল) সকাল থেকেই কাপ্তাই হ্রদের তীরে এই আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শত শত নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাক—পিনন-হাদি ও ধুতি-পাঞ্জাবি পরে বুনো ফুল হাতে নিয়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে পানিতে ফুল ভাসান।
এই আনুষ্ঠানিকতা চাকমা সম্প্রদায়ের কাছে ‘ফুল বিজু’, ত্রিপুরাদের কাছে ‘হারিবসু’ এবং মারমা সম্প্রদায়ের কাছে ‘সূচিকাজ’ নামে পরিচিত। পার্বত্য অঞ্চলের প্রায় সব জাতিগোষ্ঠীই এ দিনে পানিতে ফুল ভাসিয়ে নতুন বছরকে বরণ করে।
রাঙামাটি শহরের কেরানী পাহাড়, রাজবন বিহার ঘাট ও গর্জনতলী মধ্যদ্বীপসহ বিভিন্ন স্থানে ভোর থেকে এই আয়োজন শুরু হয়। ফুল ভাসিয়ে অংশগ্রহণকারীরা পরিবার, সমাজ, দেশ ও সমগ্র বিশ্বের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
উৎসবে অংশ নেওয়া হ্যাপি তালুকদার জানান, পুরোনো বছরের দুঃখ-কষ্ট ভুলে নতুন বছরকে শুভভাবে শুরু করার প্রত্যাশায় তারা এই আয়োজন করেন। অন্যদিকে আকাশ চাকমা বলেন, নতুন বছর যেন সবার জন্য কল্যাণ ও সুখ বয়ে আনে—এই প্রার্থনাই তাদের।
উল্লেখ্য, ১২ এপ্রিল ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হওয়া এই বর্ষবরণ উৎসব আগামী ১৬ ও ১৭ এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসবের মধ্য দিয়ে শেষ হবে।