বান্দরবান জেলার লামা উপজেলায় অপহৃত ৬ জন রাবার বাগান শ্রমিককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) লামা উপজেলার হাতিরডেরা–টংকাবতী এলাকায় অপহরণের শিকার শ্রমিকদের উদ্ধারে সেনাবাহিনীর একাধিক টহল দল তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। দিন-রাতব্যাপী নিবিড় অনুসন্ধান ও তল্লাশি অভিযানের একপর্যায়ে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতদের পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে দিনের আলো ফোটার পর সেনাবাহিনীর টহল দল তাদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকৃত সকল ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের শান্তি ও জনসাধারণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।