সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম ভিডিও কলে তদারকি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকার সচিবালয় থেকে তিনি সরাসরি ভিডিও কলে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
ভিডিও কলে যুক্ত হয়ে প্রতিমন্ত্রী প্রথমে আউটডোরে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের কাছে সেবার মান এবং সরকারি ওষুধ ঠিকমতো পাওয়া যাচ্ছে কি না, সে বিষয়ে জানতে চান। পরে হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসকদের উপস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং ভিডিওতেই হাজিরা খাতা দেখতে চান। খাতায় কারা স্বাক্ষর করেছেন এবং কর্মস্থলে কারা উপস্থিত আছেন, তা তিনি পর্যবেক্ষণ করেন।
চিকিৎসকদের উপস্থিতি ও রোগীদের সন্তুষ্টির কথা জানতে পেরে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে। চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।
এর আগে গতকাল সোমবার দুপুরে সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একইভাবে ভিডিও কলে তদারকি করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ঈদের ছুটিতে তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা সচল আছে কি না, তা দেখতে তিনি এই উদ্যোগ নেন।
ওই সময় কর্মরত চারজন চিকিৎসকের মধ্যে একজনকে অনুপস্থিত পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। ভিডিও কলে জরুরি বিভাগের নার্স ও রোগীদের সঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুর্গম এলাকায় কর্মরত স্বাস্থ্যকর্মীরা মানুষের একমাত্র ভরসা। দেশের সব নাগরিকের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।