ইরান যুদ্ধের এক মাস পরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নির্দেশে হাজার হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে, যদিও সেনাদের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
সেন্টকম জানিয়েছে, যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি তার ‘দায়িত্বের এলাকায়’ (উত্তর-পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়া) পৌঁছেছে। জাহাজটি প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সেনা নিয়ে কাজ করবে এবং পূর্বে জাপানের আশপাশে মোতায়েন ছিল।
মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করতে ৩ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। এ বাহিনীর মধ্যে রয়েছে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা, সঙ্গে পাঠানো হয়েছে পরিবহন ও স্ট্রাইক ফাইটার বিমান, অ্যাম্ফিবিয়াস আক্রমণ সক্ষমতা এবং বিভিন্ন কৌশলগত সামরিক সরঞ্জাম।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন।
তবে বিশ্লেষকরা মনে করছেন, অতিরিক্ত সেনা মোতায়েন মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা দিতে পারে। পাশাপাশি, ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকে আরও কয়েক হাজার সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। [সূত্র: সিএনএন, বিবিসি, আল-জাজিরা]