মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে লক্ষ্মীপুর জেলার সব থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষার পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিতে বুধবার (২ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেকের সার্বিক তত্ত্বাবধানে জেলার বিভিন্ন থানায় একযোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্য দিয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে জেলায় সাঁড়াশি অভিযান জোরদারের বার্তাও দেওয়া হয়েছে।
মাদকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত র্যালিতে সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে নির্ধারিত স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। এতে মাদকের ভয়াবহতা এবং ব্যক্তি, পরিবার ও সমাজে এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
পথসভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষের জীবন নষ্ট করে না, এর প্রভাব পড়ে পুরো পরিবারের ওপর। একই সঙ্গে এটি সমাজে নানা ধরনের অপরাধ ও অস্থিরতা সৃষ্টি করে। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বক্তারা মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, শুধু আইন প্রয়োগ নয়, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।