মালয়েশিয়ার সারাওয়াক রাজ্য নীতিগতভাবে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে কৃষি, নবায়নযোগ্য জ্বালানি এবং শ্রম অভিবাসনসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
এই অগ্রগতি আসে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এবং সারাওয়াকের মুখ্যমন্ত্রী আবাং হাজি আবদুল রহমান জোহারির মধ্যে কুচিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দেশের কৃষি সক্ষমতা ও মানবসম্পদের শক্তি তুলে ধরা হয়। হাইকমিশনার জানান, বাংলাদেশ দক্ষ, আধা-দক্ষ ও সাধারণ শ্রমিক সরবরাহের মাধ্যমে সারাওয়াকের উন্নয়ন কার্যক্রমে আরও বড় অবদান রাখতে প্রস্তুত।
সারাওয়াকের মুখ্যমন্ত্রী এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিশেষ করে নির্মাণ খাতে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি তিনি কৃষি ও নবায়নযোগ্য জ্বালানিকে সারাওয়াকের ভবিষ্যৎ উন্নয়ন কৌশলের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে শ্রম অভিবাসন ব্যবস্থাপনায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়েও আলোচনা হয়। এছাড়া কৃষি খাতে আলাদা একটি এমওইউর সম্ভাবনা এবং সৌরশক্তিসহ সবুজ প্রযুক্তি ও জ্ঞান বিনিময় নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।
আলোচনার শেষে উভয় পক্ষ সিদ্ধান্তগুলোর বাস্তবায়নে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং বাংলাদেশ-সারাওয়াক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।