যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের জনপ্রিয় খাবার উৎসব ‘বাইট অব সিয়াটল’-এ বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি ছোট শিশুও রয়েছে। হামলার পর উৎসবস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টার দিকে সিয়াটলের আইকনিক স্পেস নিডল টাওয়ারের পাশের সিয়াটল সেন্টার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সিয়াটল অগ্নিনির্বাপণ বিভাগের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং পাঁচজন আহত হন।
পুলিশ জানায়, হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিপুলসংখ্যক পুলিশ, দমকল ও জরুরি সেবাকর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে পুরো এলাকা খালি করে নিরাপত্তা জোরদার করা হয়। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। একই সঙ্গে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
হারবারভিউ মেডিক্যাল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানান, হাসপাতালে চারজন আহতকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একটি ছোট শিশু, ২৩ বছর বয়সী এক তরুণ এবং দুজন প্রাপ্তবয়স্ক নারী রয়েছেন। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী এস্তান ওয়াকোনাবো জানান, তিনি ও তার বান্ধবী একটি ফটো বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ চারদিকে মানুষ দৌড়াতে শুরু করলে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে।
তার ভাষায়, মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছিল। ধাক্কাধাক্কিতে অনেকে মাটিতে পড়ে যান, এমনকি শিশুদের বহনের স্ট্রলারও উল্টে যায়। কিছুক্ষণ পরই তিনি একের পর এক গুলির শব্দ শুনতে পান। প্রথমে তিনি তার বান্ধবীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে ফিরে এসে মাটিতে পড়ে থাকা একাধিক আহত ব্যক্তিকে দেখতে পান।
উল্লেখ্য, ‘বাইট অব সিয়াটল’ শহরের অন্যতম বৃহৎ খাবার উৎসব। ১৯৮২ সালে শুরু হওয়া তিন দিনব্যাপী এই আয়োজনে প্রতি বছর প্রায় সাড়ে তিন লাখ মানুষ বিভিন্ন ধরনের খাবার, পানীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে অংশ নেন।