রংপুর মহানগরীর শাপলা সিনেমা হলে সিনেমা দেখার আড়ালে ছোট ছোট রুমে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১৯ নারীসহ ৩৭ জনকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকদের মধ্যে হলের দুইজন কর্মচারীও রয়েছেন।
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিনেমা হলটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে রংপুর মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তি।
তিনি জানান, দীর্ঘদিন ধরে শাপলা সিনেমা হলের ভেতরে সিনেমা চলাকালীন সময়ে ছোট ছোট কক্ষ ব্যবহার করে ৬০০ টাকার বিনিময়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এক শ্রেণির তরুণ-তরুণীরা অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। এ অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ নজরদারি বাড়িয়ে অভিযান পরিচালনা করে।
অভিযানে মোট ১৯ জন নারী ও ১৮ জন পুরুষকে আটক করা হয়। তাদের মধ্যে দুইজন কর্মচারী ছাড়া বাকি ৩৫ জনের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। আটকদের অধিকাংশই স্কুল-কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
ডিসি (ডিবি) আরও জানান, অভিযান চলাকালে হল কর্তৃপক্ষ বাধা দেওয়ার চেষ্টা করে, যা দুঃখজনক। তৃতীয় তলায় মোট ৮টি ছোট কক্ষে অভিযান চালিয়ে তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। এসব কক্ষের জন্য ৬০০ টাকা করে ভাড়া নেওয়া হতো।
তিনি আরও বলেন, “আমরা যেভাবে তাদের আপত্তিকর অবস্থায় পেয়েছি, তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। এটি কোনো সিনেমা বা সিনেমা হলের বিরুদ্ধে অভিযান নয়, বরং অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের মধ্যে হলের দুইজন গার্ডও রয়েছেন।
এ ঘটনায় রংপুরে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।