রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৬, মতিঝিল বিভাগে ৬৮, ওয়ারী বিভাগে ৫০, লালবাগ বিভাগে ৪১, রমনা বিভাগে ৩৭, উত্তরা বিভাগে ৩৫ এবং গুলশান বিভাগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) সাতজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ দুজনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি জানায়, অভিযানে ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ২০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৯টি মোটরসাইকেল, ২৬টি মোবাইল ফোন, ৪০৫টি সিমকার্ড, একটি অটোরিকশা ও নগদ ১ হাজার ৫০৫ টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
ডিসি মো. আকতার হোসেন আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তারের পাশাপাশি মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।