সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশও এই যুদ্ধবিরতি মেনে চলবে।
শুক্রবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ক্রেমলিন জানিয়েছে, শনিবার বিকাল থেকে শুরু হয়ে রোববার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরও অনুরূপ একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, যেখানে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে।
ক্রেমলিন আরও জানায়, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে সব ফ্রন্টে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সেনাদের সম্ভাব্য উসকানি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশ আগেই ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং এখন সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ প্রকৃত শান্তির পথে অগ্রগতির সুযোগ তৈরি করতে পারে।
এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই যুদ্ধবিরতির ঘোষণা যুক্তরাষ্ট্রের সঙ্গে আগাম আলোচনা করে নেওয়া হয়নি এবং এটি কোনো ত্রিপক্ষীয় শান্তি আলোচনার অংশ নয়।
চার বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে এই যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি এনে দিতে পারে বলে মনে করা হচ্ছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও ইরান-সংক্রান্ত সংঘাতের কারণে বৈশ্বিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
উল্লেখ্য, অর্থোডক্স খ্রিস্টানদের ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর ১২ এপ্রিল ইস্টার উদযাপিত হবে।
সূত্র: আল-জাজিরা