সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান রাষ্ট্রপতিকে বিশেষ দায়মুক্তি দিয়েছে। পাশাপাশি দায়িত্ব ছাড়ার পরও নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি আইন অনুযায়ী নিরাপত্তা ও অন্যান্য সুবিধা পাবেন।
রবিবার (২৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিক বিধান অনুসারেই দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব পালনকালীন সময়ে তিনি সংবিধান প্রদত্ত বিশেষ সুরক্ষা (ইমিউনিটি) ভোগ করেন।
তিনি বলেন, ‘তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধি-বিধান অনুযায়ী করেছেন। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি ভোগ করেন। দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না।’
সদ্য সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন অনুযায়ী তিনি এসএসএফ-পিজিআরের নিরাপত্তাসহ অন্যান্য সুবিধা পাবেন।
তিনি বলেন, ‘তিনি আইনানুগ যেসব সুবিধা পাওয়ার অধিকারী, সেগুলো অবশ্যই পাবেন। তার নিরাপত্তার জন্য এসএসএফ-পিজিআরের সুবিধা ছয় মাস পর্যন্ত থাকবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী পুলিশ ও অন্যান্য সংস্থা নিরাপত্তা নিশ্চিত করবে।’
রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ানোর পর কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানায়। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব অভিযোগে আমলে নেওয়ার মতো কোনো বিষয় তারা খুঁজে পাননি।
তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দলগুলোর মত প্রকাশের অধিকার রয়েছে। তবে তাদের উত্থাপিত অভিযোগ সরকার গুরুত্ব দেওয়ার মতো পর্যায়ে মনে করেনি।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।
তার পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চসহ কয়েকটি সংগঠন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
তবে সরকারের অবস্থান হলো, মো. সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যকে সরকার তাদের মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবেই দেখছে।
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পর আমরা প্রত্যাশা করি, মানুষের রাজনৈতিকভাবে কথা বলার ও প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে। বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ তুলতে পারে, কিন্তু আমরা সেখানে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য পাইনি।’