নারায়ণগঞ্জের রূপগঞ্জ পৌরসভা ও শিল্পাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে পৃথক ল্যান্ডফিল্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, ভবিষ্যতে এই বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।
রবিবার (১৪ জুন) রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সংলগ্ন একটি ময়লার ভাগাড় অপসারণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, রূপগঞ্জ পৌরসভার জন্য একটি নির্দিষ্ট বর্জ্য ফেলার স্থান নির্ধারণের কাজ চলছে। সেখানে পৌরসভার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্যও ব্যবস্থাপনার আওতায় আনা হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্যকে সম্পদে রূপান্তরের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি বাংলাদেশে কাজ শুরু করেছে। এসব প্রতিষ্ঠান বর্জ্য থেকে বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন জ্বালানি উৎপাদনের প্রযুক্তি নিয়ে এসেছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ বিভিন্ন পৌরসভায় তারা চুক্তিভিত্তিকভাবে কাজ করছে।
রূপগঞ্জে নতুন ল্যান্ডফিল্ড চালু হলে বিদেশি বিশেষজ্ঞদের একটি টিম পাঠানো হবে বলে জানান তিনি। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য প্রকল্প বাস্তবায়নের বিষয়টি এগিয়ে নেবে।
মীর শাহে আলম আরও বলেন, সঠিকভাবে বর্জ্য পুনঃব্যবহার করা গেলে পরিবেশ দূষণ কমবে এবং বর্জ্যের পরিমাণও হ্রাস পাবে। এতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি বিকল্প জ্বালানি উৎপাদনের সুযোগ তৈরি হবে।
এশিয়ান হাইওয়ের পাশে গড়ে ওঠা ময়লার ভাগাড় প্রসঙ্গে তিনি বলেন, ঈদের ছুটিতে অসচেতনভাবে সেখানে ময়লা ফেলা হয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে দুই দিন ধরে তা অপসারণের কাজ চলছে।
তিনি আরও জানান, মহাসড়ক বা গুরুত্বপূর্ণ সড়কের পাশে কোনো ল্যান্ডফিল্ড রাখা যাবে না—এ বিষয়ে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এ এলাকায় কেউ ময়লা না ফেলে, সে জন্য উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ অনেকে।