র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আর আগের কাঠামোতে থাকছে না বলে জানিয়েছেন সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সরকারে বিভিন্ন কর্মকাণ্ড ও নীতিগত সিদ্ধান্ত তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তথ্য উপদেষ্টা বলেন, র্যাবের কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এ জন্য আলাদা আইন প্রণয়ন করা হবে। এমনকি বাহিনীর নামও পরিবর্তন করা হতে পারে।
তিনি আরও বলেন, র্যাবকে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় একটি বিশেষ বাহিনীর প্রয়োজন রয়েছে। তাই নতুন কাঠামো তৈরি করা হচ্ছে।
সরকার একটি সুনির্দিষ্ট আইন ও কাঠামোর মাধ্যমে র্যাবকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে চায় বলেও জানান তিনি।
একই সংবাদ সম্মেলনে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, প্রকল্পটি আগে মূলত বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন রোধের জন্য তৈরি করা হয়েছিল। সেখানে পানি সংরক্ষণের বিষয়টি ছিল না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন মহাপরিকল্পনায় পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করা হয়। সেই অনুযায়ী প্রকল্পে সংশোধনী আনা হচ্ছে। এরপরই এটি চূড়ান্ত করা হবে।