রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক ৯টা ৮ মিনিটে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৮ অবতরণের পর এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটি অবতরণের আগেই নজরদারিতে রাখা হয়েছিল।
অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এসময় বিমানের কার্গো হোল্ডে তল্লাশি চালিয়ে টয়লেটের প্যানেলের ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় সাদা কাপড়ে মোড়ানো ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম, যার মোট ওজন ১৭ দশমিক ৭৮৪ কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা বলে জানা গেছে।
পরে উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।