চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনাকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে আইনের শাসনের ঘাটতির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।
সোমবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশ ও যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনা নজরদারিতে রয়েছে এবং জড়িতদের কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে তিনি জানান, দেশে সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
মন্ত্রী আরও বলেন, ঈদকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মহাসড়ক, পশুর হাট এবং জনসমাগমস্থলে বিশেষ মনিটরিং চলছে। পাশাপাশি জাল নোট প্রতিরোধ, সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন এবং ঈদ পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি সড়ক দুর্ঘটনা কমার কথা উল্লেখ করে যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।