দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারির জন্য বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানে প্রশিক্ষিত মিডওয়াইফ নিয়োগ নিশ্চিত করারও নির্দেশনা দিয়েছেন তিনি।
সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ ঘোষণা দেন।
তিনি বলেন, নিরাপদ মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নরমাল ডেলিভারির সুযোগ বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্যেই দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে লেবার রুম স্থাপন এবং প্রশিক্ষিত মিডওয়াইফ নিয়োগ বাধ্যতামূলক করা হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে হবে। কোনো হাসপাতাল বা ক্লিনিক এ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে নিরাপদ মাতৃস্বাস্থ্যসেবা আরও জোরদার হবে। পাশাপাশি নরমাল ডেলিভারির হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।