বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির কার্যকর বাস্তবায়নে কূটনৈতিক পরিসরকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিবাসন ও প্রবাসী কল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি, জলবায়ু ও পরিবেশ, আন্তঃসীমান্ত পানিসম্পদ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে সমন্বিত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এসব অগ্রাধিকার খাতে কার্যক্রম সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে মন্ত্রণালয়ের কাঠামোতে নতুন উইং সংযোজন, পুনর্বিন্যাস ও কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত ও মর্যাদাপূর্ণ হবে। পাশাপাশি বৈশ্বিক পরিসরে দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।