পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি বলেছেন, সাজেক সমস্যা সমাধানে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে|
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে হেডম্যান কার্বারিসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে| পাহাড়ের সংকট নিরসনে সব মতভেদ ভুলে সম্মিলিতভাবে একাত্মতা ঘোষণা করে পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিতে হবে|
আজ রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জেলার হেডম্যান কার্বারিগণের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন|
জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব,পিপিএমসহ প্রশাসনের ঊর্র্ধ্বতন কর্মকর্তাসহ জেলার হেডম্যান ও কার্বারিরা উপস্থিত ছিলেন|
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম হচ্ছে ট্যুরিস্ট জোন, এখানে পর্যটন ব্যবসা বন্ধ থাকলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে| সাজেকে সৃষ্ট ঘটনায় পার্বত্য এলাকার পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই এ সমস্যা সমাধান হওয়া জরুরী| আমরা চেষ্টা করছি সকলের সাথে আলোচনা করে সাজেক সমস্যা সমাধানের|
সভায় জেলার হেডম্যান কার্বারিরা বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরবেন|
সভা শেষে মতবিনিময় নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি|