প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মানুষের প্রত্যাশার প্রতি সম্মান রেখে ধৈর্য, শৃঙ্খলা ও আইনশৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে। এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না, যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে কার্যালয়ের ব্যালকনি থেকে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।
তারেক রহমান বলেন, সবকিছু স্বাভাবিক রাখা এখন সবার দায়িত্ব। তিনি স্পষ্ট করে জানান, দলীয় কার্যালয়ে তিনি আরও আসবেন, তবে কোনোভাবেই রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়, এমন কিছু থেকে বিরত থাকার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, দলীয় কার্যালয়ে এলে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। তবে এই পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
ধৈর্য ও সংযমের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ উদ্বিগ্ন। এসব বিষয়ে জনগণকে বোঝাতে হবে, তাদের সাহস দিতে হবে এবং পাশে থাকতে হবে। কারণ মানুষ অনেক আশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে।
তিনি সতর্ক করে বলেন, কোনো কর্মকাণ্ডের কারণে যেন মানুষের কষ্ট না বাড়ে। বিশেষ করে সড়ক স্বাভাবিক রাখা এখন সবচেয়ে জরুরি কাজ বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতেও যদি স্বাভাবিক পরিস্থিতি বজায় না থাকে, তাহলে সেখানে আসা কঠিন হয়ে পড়বে বলে জানান তিনি।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি দলীয় কার্যালয়ে পৌঁছান। পরে কার্যালয়ের ভেতরে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।