অপরাধ দমন ও আন্তঃসীমান্ত নিরাপত্তা জোরদারে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) রাজধানীর সিআইডি সদর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে মার্কিন প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন স্পেশাল এজেন্ট ও ওভারসিজ ক্রিমিনাল ইনভেস্টিগেটর এডওয়ার্ড আর. ওয়াইলি এবং ক্রিমিনাল ফ্রড ইনভেস্টিগেটর (সিএফআই) ভ্যানেসা গোমেজ।
সাক্ষাৎকালে মানবপাচার, যৌন হয়রানি, ট্রান্সন্যাশনাল অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য-উপাত্ত বিনিময় এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, যৌথ তদন্ত উদ্যোগ গ্রহণ এবং ভিকটিম সাপোর্ট ব্যবস্থার উন্নয়নে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।