জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। মঙ্গলবার অনুষ্ঠিত এ সাক্ষাতে সংসদীয় কার্যক্রমের আধুনিকায়ন, ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট এবং সংসদীয় স্থায়ী কমিটির কাজকর্মসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা গভর্ন্যান্স ড্রাগন পপোভিক এবং সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে ছিলেন।
আলোচনায় স্পিকার বলেন, জাতীয় সংসদ ও ইউএনডিপির মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, নতুন সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্স আয়োজনের মাধ্যমে তাদের দায়িত্ব, কার্যপরিধি ও সাংবিধানিক এখতিয়ার সম্পর্কে কার্যকর ধারণা দিতে ইউএনডিপি সহায়ক ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, সংসদ সদস্যদের মধ্য থেকে, বিশেষ করে নারী সংসদ সদস্যদের নিয়ে একটি প্রতিনিধিদল ইউএনডিপির সঙ্গে দ্বিপাক্ষিক সফর বিনিময়ে অংশ নিতে পারে। এতে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বর্তমান সংসদে বিরোধী দল ইতিবাচক ও সহযোগিতামূলক ভূমিকা পালন করছে। একই সঙ্গে সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের ক্ষেত্রেও আন্তরিক ও উদার মনোভাব নিয়ে এগোচ্ছে।
সংসদকে আরও আধুনিক ও কার্যকর করতে তিনি ডিজিটাল লাইব্রেরি ব্যবস্থা চালু, অধিবেশন পরিচালনায় স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং সংসদের নিজস্ব প্রিন্টিং ও প্রেস স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, বাংলাদেশের বর্তমান সংসদ অত্যন্ত সক্রিয় ও প্রাণবন্ত। তিনি বলেন, ইউএনডিপি দীর্ঘদিন ধরে জাতীয় সংসদের একটি নির্ভরযোগ্য উন্নয়ন-সহযোগী হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে চলমান জ্বালানি সংকট ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়েও মতবিনিময় হয়। এ প্রেক্ষাপটে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ কয়েকটি ইউরোপীয় দেশের নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করা হয়।