ঢাকা: স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধন শেষে তিনি বলেন, জনগণকে সেবা দেওয়া কোনো করুণা নয়, বরং এটি সরকারের দায়িত্ব।
প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে চায়, যেখানে নাগরিকদের ভূমিসেবা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না এবং দুর্নীতি বা হয়রানির শিকার হতে হবে না।
তিনি আরও বলেন, জমির মালিকানা, খাজনা, দলিল, খতিয়ান, দাগ, পর্চা, নামজারি ও জমা-খারিজের মতো বিষয়গুলো সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। তাই ভূমি ব্যবস্থাপনাকে প্রযুক্তিনির্ভর করা হলে জমি সংক্রান্ত বিরোধ ও ভোগান্তি কমে আসবে।
ভূমি বিরোধকে দেশের বড় সামাজিক ও আইনি সমস্যাগুলোর একটি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আদালতে বিচারাধীন মামলার বড় অংশ জমি সংক্রান্ত। তাই প্রচলিত আদালতের পাশাপাশি গ্রাম আদালত, সালিশ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর পদ্ধতিকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, সারাদেশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলায় ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান সংগ্রহ এবং ভূমি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির সুবিধা থাকবে।
ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ভূমি সচিব এ এস এম সালেহ উদ্দিনসহ সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।