মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে অবরুদ্ধ হরমুজ প্রণালি খোলানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২৪ মার্চ) ভারতের রাজ্যসভাতে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিবৃতিতে এ তথ্য জানান তিনি।
মোদি বলেছেন, ‘অবরুদ্ধ হরমুজ প্রণালিতে আটকে থাকা ভারতীয় জাহাজ ও নাবিকদের সকলকে নিরাপদে ফেরানোর ব্যবস্থা করছে ভারত।’
হরমুজ প্রণালি খোলার বিষয়ে আমি আলোচনা করছি- জানিয়ে তিনি বলেন, ‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম এশিয়ার একাধিক নেতার সঙ্গে দু’বার আমার ফোনে কথা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে আমরা গাল্ফের সব দেশের সঙ্গেই আলোচনা চালাচ্ছি। ইরান, ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।’
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করেছেন বলে জানান মোদি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক পোস্টে মোদি এবং ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গর জানান, আজ দুই নেতা ফোনে কথা বলেছেন।
মোদি বলেন, ‘মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা কমানো এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠাকে সমর্থন করে ভারত। হরমুজ প্রণালী খোলা, নিরাপদ ও সবার জন্য প্রবেশযোগ্য রাখা পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এর আগে যুদ্ধে কারণে ভারতের দুশ্চিন্তার কথা জানিয়ে মোদি বলেন, এলপিজি ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে এবং যুদ্ধ দীর্ঘায়িত হলে স্থিতিশীলতা বজায় রাখতে ভারত সরকার সব সম্ভাব্য ব্যবস্থা নিচ্ছে। এলপিজির বিকল্প হিসেবে ভারত সরকার পিএনজি ব্যবহারে উৎসাহ দিচ্ছে।