দীর্ঘ ১৭ বছর পর দেশের শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছর শিক্ষকদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আসন্ন ঈদুল আজহার আগেই এটি কার্যকর করার চেষ্টা চলছে।
গতকাল সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বহু বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতায় কোনো পরিবর্তন আসেনি। তাই এবার ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষকরা কিছুটা আর্থিক স্বস্তি পান। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি।
অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল কাঠামো পুনর্বিবেচনার বিষয়েও আলোচনা চলছে। রাজধানীর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়গুলো সরকার গুরুত্ব দিয়ে দেখছে।
সংশ্লিষ্ট মহলের মতে, উৎসব ভাতা বৃদ্ধি এবং পে-স্কেল পুনর্বিন্যাস বাস্তবায়িত হলে শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নতি হবে। পাশাপাশি শিক্ষকতা পেশার প্রতি আগ্রহ ও সম্মানও আরও বাড়বে।