সারা দেশে পরিচালিত বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। গত এক মাসের অভিযানে মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি জব্দ করা হয়েছে।
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট ঠেকাতে ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট বিভাগের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া জ্বালানির বড় অংশই ছিল ডিজেল।
পরিসংখ্যান বলছে, জব্দ করা জ্বালানির মধ্যে ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার ডিজেল, ৩০ হাজার ৯৬০ লিটার অকটেন এবং ৭০ হাজার ৫৪ লিটার পেট্রোল রয়েছে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানিয়েছে, অবৈধ মজুদ, পাচার এবং সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম সংকট তৈরির চেষ্টা ঠেকাতে এই নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে নিয়মিত তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিভাগটির মতে, বাজারে জ্বালানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।