তুরস্কে অনুষ্ঠিত আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের এক মন্ত্রী পর্যায়ের প্যানেল আলোচনায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, সার্ক প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।
শনিবার আয়োজিত ওই আলোচনায় বক্তারা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্কের গুরুত্ব ও প্রাসঙ্গিকতার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, রাজনৈতিক জটিলতা ও দীর্ঘদিনের অচলাবস্থার পরও এই প্ল্যাটফর্ম এখনো দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সংলাপ ও পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে আছে।
প্যানেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আফগানিস্তানের পরিবহন মন্ত্রী আজিজি অংশ নেন।
আলোচনায় ড. খলিলুর রহমান বলেন, সার্ককে পুনরায় সক্রিয় ও কার্যকর করে তোলা বাংলাদেশের বর্তমান বৈদেশিক নীতির একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, আঞ্চলিক সংহতি বাড়াতে পারস্পরিক আস্থা, সংলাপ এবং সহযোগিতামূলক উদ্যোগের বিকল্প নেই।
বক্তারা অভিন্নভাবে মত দেন, দক্ষিণ এশিয়ায় বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে হলে বিদ্যমান অচলাবস্থা কাটিয়ে টেকসই কূটনৈতিক উদ্যোগ ও অর্থবহ সংলাপের পথেই এগোতে হবে।