ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে সরকার পাশে থাকবে।
শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আইসিবিসি এক্সপো-২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ক্যাবল অপারেটর, আইএসপি ও সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দেশের বহু মানুষের কর্মসংস্থানের সঙ্গে জড়িত। তাই এ খাতকে টিকিয়ে রাখা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা সরকারের দায়িত্ব।
তিনি বলেন, ফাইবার অপটিক নেটওয়ার্ক, আইপি টিভি, স্মার্ট প্রযুক্তি ও ডিজিটাল কনটেন্ট ব্যবস্থার বিস্তারে ক্যাবল টেলিভিশন ও সম্প্রচার খাত নতুন যুগে প্রবেশ করেছে।
ফকির মাহবুব আনাম জানান, এ খাতের আধুনিকায়নে অবকাঠামো উন্নয়ন, নীতিগত সহায়তা, দক্ষ মানবসম্পদ তৈরি ও প্রযুক্তিগত উদ্ভাবনে সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা, গ্রাহকের তথ্য নিরাপত্তা এবং মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর জোর দেন।
তিন দিনব্যাপী আইসিবিসি এক্সপোতে দেশি-বিদেশি ৬৭টি প্রতিষ্ঠান ক্যাবল টিভি, ব্রডকাস্টিং ও কমিউনিকেশন প্রযুক্তি প্রদর্শন করে।