ঢাকা, ৮ মে ২০২৬: সারা দেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো খাল খনন কর্মসূচি। জনস্বার্থে এই কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি জানান, অবৈধ দখল উচ্ছেদের ক্ষেত্রে কিছু জায়গায় আইনি জটিলতা দেখা দিতে পারে। তবে জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে এসব বিষয় মোকাবিলা করা হবে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশের সব খাল এখনো নিজ নিজ স্থানে রয়েছে। কেউ যদি অবৈধভাবে খালের জায়গায় স্থাপনা নির্মাণ করে থাকে, তাহলে তাকে তা সরিয়ে নিতে হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
তিনি আরও বলেন, নতুন উদ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন খাল খনন কার্যক্রম বন্ধ থাকায় অনেক স্থানে খালের পাড় দখল হয়ে গেছে এবং কোথাও কোথাও বর্জ্য ও আবর্জনার স্তূপ জমেছে। এসব অবৈধ দখল ও প্রতিবন্ধকতা দূর করতে সরকার একযোগে কাজ শুরু করেছে।
তার দাবি, খাল খনন কার্যক্রমে দেশে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে এবং জনগণ এর সুফল পেতে শুরু করেছে।
এ সময় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।