গণতন্ত্রকে সুরক্ষিত ও শক্তিশালী করতে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার রাজধানীতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর কার্যালয় পরিদর্শনকালে তিনি বলেন, গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যম একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই দেশের মানুষ একটি স্বাধীন, নির্ভীক ও দায়িত্বশীল সংবাদমাধ্যম প্রত্যাশা করে।
দ্য ডেইলি স্টারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মন্ত্রী বলেন, অতীতে গণমাধ্যম যেভাবে আক্রমণের শিকার হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, সরকার এমন পরিবেশ নিশ্চিত করতে চায়, যেখানে সংবাদমাধ্যম কোনো ভয়ভীতি বা বাধা ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারবে। বাংলাদেশের গণমাধ্যম যেন স্বাধীনতার পথ ধরে এগিয়ে যায় এবং এ খাতের সব প্রতিবন্ধকতা দূর হয়, সেটিই সরকারের প্রত্যাশা।