চলতি বছরের শেষ দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
রবিবার (২১ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে আগামী ৩০ বছরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
বিমানমন্ত্রী বলেন, থার্ড টার্মিনালের বিষয়ে জাপানের সঙ্গে আলোচনা হয়েছে। জুলাই মাসে গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে জাপানের সঙ্গে চুক্তি হবে।
তিনি জানান, কার্গো হ্যান্ডলিংয়ের দায়িত্ব থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে। আর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ করবে একটি জাপানি প্রতিষ্ঠান।
আফরোজা খানম বলেন, দেশের বিমান চলাচল খাতকে আরও উন্নত করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। বগুড়া বিমানবন্দরসহ দেশের অন্যান্য বিমানবন্দরের উন্নয়ন কাজ শুরু করা হবে। এর মাধ্যমে বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই মাস্টারপ্ল্যান আগামী ২০ থেকে ৩০ বছর বা তারও বেশি সময়ের জন্য বিমান চলাচল খাতের উন্নয়নের দিকনির্দেশনা দেবে।
এই পরিকল্পনার আওতায় বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন, এয়ার ন্যাভিগেশন সেবার আধুনিকায়ন, এয়ারলাইন্স খাতের সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ তৈরি, নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে।