চলতি মাসের শেষ দিকে এবং আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আত্মহত্যা প্রতিরোধ দিবসের এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ আশঙ্কার কথা জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুতে কোনো মৃত্যু কাম্য নয়। এরই মধ্যে ৩০০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সিভিল সার্জনদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ডেঙ্গু রোগী বাড়তে পারে—এমন আশঙ্কা মাথায় রেখে পর্যাপ্ত স্যালাইন ও পরীক্ষার কিট মজুদ রাখা হয়েছে বলে জানান তিনি। প্রয়োজন হলে এসব মজুদ আরও বাড়ানো হবে।
প্রতিমন্ত্রী বলেন, অতিরিক্ত রোগীর চিকিৎসার জন্য এরই মধ্যে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল মালিকদেরও প্রয়োজনীয় শয্যা প্রস্তুত রাখতে বলা হয়েছে।