রাজস্ব আদায় বৃদ্ধি, কর ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন এবং উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের ১ হাজার ৬৮৫ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৪০০ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত বাজেট অধিবেশনে মেয়র ডা. শাহাদাত হোসেন বাজেট ঘোষণা করেন।
বাজেট বক্তব্যে তিনি বলেন, কর ও ট্রেড লাইসেন্স ব্যবস্থাপনা সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে। নিজস্ব আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে রাজস্ব বাড়ানোর পাশাপাশি মশক নিধন ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে কাজ চলছে।
প্রস্তাবিত বাজেটে আয়ের সবচেয়ে বড় উৎস হিসেবে উন্নয়ন অনুদান খাত থেকে ৯৭৫ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগের অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে আয় ধরা হয়েছিল ৮৮৭ কোটি ৪ লাখ টাকা।
নিজস্ব রাজস্ব বাড়াতে কর আদায়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন অর্থবছরে হোল্ডিং ট্যাক্স ও অভিকর খাত থেকে ৪২৬ কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশোধিত বাজেটে এ খাত থেকে আয় হয়েছিল ৩১৫ কোটি টাকা।
এ ছাড়া বকেয়া কর ও অভিকর থেকে ১৯৭ কোটি টাকা, অন্যান্য কর থেকে ১৮৮ কোটি ৯০ লাখ টাকা এবং বিভিন্ন ফি বাবদ ১৪০ কোটি ২০ লাখ টাকা আয়ের প্রস্তাব রাখা হয়েছে।
চসিকের আশা, কর ও ট্রেড লাইসেন্স ব্যবস্থাপনা ডিজিটাল হওয়ায় আগামী অর্থবছরে রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে বাড়বে।
ব্যয়ের দিক থেকে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন খাতে। এডিপি ও অন্যান্য উন্নয়ন কার্যক্রমে ৮২৫ কোটি টাকা এবং চসিকের নিজস্ব তহবিল থেকে উন্নয়ন কাজে ২১০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পারিশ্রমিক বাবদ ৪৪০ কোটি ৮৫ লাখ টাকা এবং পূর্বের বকেয়া দেনা পরিশোধে ১৮৪ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে আরও ২০০টি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, স্বচ্ছ নিয়োগ, নতুন সাংগঠনিক কাঠামোর অনুমোদন এবং চসিকের কার্যক্রমে ডিজিটাল রূপান্তরকে আগামী অর্থবছরের চারটি প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, চসিকের পূর্ণাঙ্গ জনবল কাঠামোর অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে আবেদন পাঠানো হয়েছে।