17
বাংলাদেশের শিক্ষাবিদদের নয় সদস্যের একটি প্রতিনিধিদল চীনের ইউনান প্রদেশে আয়োজিত ‘চাইনিজ ব্রিজ’ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। ইউনান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এ কর্মসূচি ২৩ জুন শুরু হয়েছে।
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড কোঅপারেশন (সিএলইসি) এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের যৌথ পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়টির স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশন এ কর্মসূচির আয়োজন করে0।
প্রতিনিধিদলে রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তামিম, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল, চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মোর্তুজা, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আশাদুজ্জামান এবং ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মো. মামুন আজাদ সালেহীন।
সংশ্লিষ্টরা জানান, ‘চাইনিজ ব্রিজ’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ইউনান বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, একাডেমিক বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করা।
তাদের আশা, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের শিক্ষা খাতে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা এবং ভাষা শিক্ষায় দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষাবিদরা বিভিন্ন একাডেমিক আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে মতবিনিময়ে অংশ নেবেন। এর মাধ্যমে দুই দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।