বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এবারের নববর্ষ উদযাপনের মূল প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের আবাহন ঐক্য, শান্তি, উত্তরণ’।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নেতৃত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
শোভাযাত্রায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, প্রভোস্টবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসগ অন্যরা অংশগ্রহণ করেন।
চারুকলা অনুষদের আয়োজনে শোভাযাত্রায় শান্তির প্রতীক হিসেবে বড় পায়রা, পাখি, চরকি, সূর্যমুখী ফুল ও ফড়িংসহ বিভিন্ন নান্দনিক উপকরণ প্রদর্শিত হয়।