দেশের শিল্পকারখানায় চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিশেষ ক্র্যাশ কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দীর্ঘদিনের এ সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে ধাপে ধাপে পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে।
সোমবার (৬ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশের শিপ ব্রেকিং শিল্পকে পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সব প্রতিষ্ঠানকে গ্রিন লাইসেন্স নিতে হবে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে। পাশাপাশি শিপ রিসাইক্লিং শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিল্প খাতের বিকাশে ব্যবসায়ীদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে উৎপাদন ও বিনিয়োগ কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়।
পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী শিপ ব্রেকিং ইয়ার্ড মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শিল্পের উন্নয়ন, পরিবেশগত মানদণ্ড এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।