ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে শুল্ক সুবিধা সম্প্রসারণ, বাণিজ্য বাধা দূর এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের তাগিদ দিয়েছে ঢাকা। একই সঙ্গে জোটকে আরও কার্যকর করতে প্রাতিষ্ঠানিক পুনর্গঠন ও ফলাফলভিত্তিক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।
সোমবার (২ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। এ ছাড়া দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে শুল্ক সুবিধা বাড়ানো ও বাণিজ্যপ্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি। এ লক্ষ্য অর্জনে এফটিএ ও পিটিএর রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নে ডি-৮ সচিবালয়কে সক্রিয় ভূমিকা নিতে হবে। পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান তিনি।
চুক্তি বাস্তবায়নের পাশাপাশি ডি-৮ জোটের প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন খন্দকার আব্দুল মুক্তাদির। জোটকে আরও কার্যকর ও অর্থবহ করে তুলতে প্রয়োজনীয় পুনর্গঠন এবং সুনির্দিষ্ট লক্ষ্য ও ফলাফলভিত্তিক কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
জবাবে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদ সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও আন্তবাণিজ্য বাড়াতে বাংলাদেশের প্রস্তাব ও আগ্রহ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।
বৈঠকে বাংলাদেশ ও ডি-৮ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে তুরস্ক সফর করছেন বাণিজ্যমন্ত্রী।