ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে গঠিত টাস্কফোর্স ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পর্যবেক্ষণ করবে। পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের সমন্বয় করা এবং জরুরি পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।
সভায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। জনগণের সচেতনতা ও অংশগ্রহণও খুব গুরুত্বপূর্ণ। সবাই মিলে কাজ করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সহজ হবে।
সভায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান জোরদার, মশা নিধন কার্যক্রমের মান যাচাই এবং সচেতনতামূলক প্রচার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে প্রচারণা চালানো, নির্মাণাধীন ভবন ও জলাবদ্ধ এলাকায় নিয়মিত নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়, সিটি করপোরেশন, সরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।