সুনামগঞ্জের তাহিরপুরে মাদকবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশ থেকে মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
শুক্রবার বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া ও পাঠানপাড়া গ্রামের যুবসমাজের উদ্যোগে এ গণসমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটি তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে এবং সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে। তাই মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
কোনাটছড়া গ্রামের প্রবীণ মুরব্বি ইউনুছ মিয়ার সভাপতিত্বে এবং নাসির মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু, মুহিত চৌধুরী, আব্দুল হক, কফিল মাস্টার, ওয়ার্ড সদস্য সাগর মিয়া, নেকবর হোসেন, ইয়াছিন মিয়া, সমাজকর্মী মো. সাজ্জাদ, সরোয়ার হোসেন, আকাশ মল্লিক, রুবেল মিয়া ও উসমান গণিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে শিক্ষক, জনপ্রতিনিধি, তরুণ সমাজকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নিয়ে মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।