প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গুয়িং। বৈঠকে তিস্তা প্রকল্পসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা কামনা করেন।
তিনি বিশেষভাবে তিস্তা প্রকল্পে চীনের কারিগরি সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেন।
জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী লি গুয়িং ইতিবাচক সাড়া দিয়ে পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
লি গুয়িং বলেন, ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফর দুই দেশের সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে। তিনি উল্লেখ করেন, পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।
বৈঠকে প্রধানমন্ত্রী নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নৌ-নেভিগেশন সম্প্রসারণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন।
চীনের পানিসম্পদমন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি এ খাতে বাংলাদেশের বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণেরও আহ্বান জানান।
দুই দেশের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, তিস্তা প্রকল্প, নদী ব্যবস্থাপনা এবং পানিসম্পদ উন্নয়নে সহযোগিতা বৃদ্ধি বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।