দুই দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে তিনি দোহার উদ্দেশে রওনা হন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরকালে বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পেতে পারে।
কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
সফর শেষে আগামীকাল ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের দেশে ফেরার কথা রয়েছে।