দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ে রদবদল করেছে সরকার। পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) পদে নতুন নিয়োগ এবং বদলির আদেশ জারি করা হয়েছে।
বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে প্রেষণে (ডেপুটেশন) দুদকের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই দিনে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে দুদকের বর্তমান মহাপরিচালক মো. মোতাহার হোসেনকে বদলি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।