বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে চিকিৎসা সেবা জোরদার করতে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
বৃহস্পতিবার সচিবালয় থেকে বান্দরবানের সিভিল সার্জন ও জেলা প্রশাসনের সঙ্গে টেলিফোনে কথা বলে তিনি এই নির্দেশনা দেন। এ সময় তিনি হামসদৃশ উপসর্গে আক্রান্তদের চিকিৎসা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
মন্ত্রী বলেন, কুরুকপাতা অত্যন্ত দুর্গম এলাকা এবং সেখানে মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতাও রয়েছে। তাই স্বাস্থ্যকর্মীদের মাঠপর্যায়ে অবস্থান করে নিয়মিত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
তিনি জানান, কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে ভোগান্তিতে না পড়ে, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
মিয়ানমার সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রচারণা চালানোর ওপরও গুরুত্ব দেন দীপেন দেওয়ান। একই সঙ্গে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রোগীদের বিশেষ যত্ন নেওয়ার জন্য চিকিৎসকদের অনুরোধ করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদেরও সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, জনগণকে সাহস দেওয়া এবং সচেতন রাখা এই মুহূর্তে অত্যন্ত জরুরি।
ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ মেডিকেল টিম কুরুকপাতার দুর্গম এলাকায় অবস্থান করে আক্রান্তদের সেবা দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই চিকিৎসা কার্যক্রম ও নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।