পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, শারদীয় দুর্গাপূজা আবহমানকালের সামাজিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার অনন্য সেতুবন্ধন। বান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গোৎসব ও মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গতকাল তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এ উৎসব কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে সত্য ও সুন্দরের জয়ের প্রতীক।
পূজামণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলার ওপর জোর দেন তিনি। তিনি বলেন, দেশের প্রতিটি সম্প্রদায়ের নিরাপত্তা, মৌলিক অধিকার ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উৎসব উদ্যাপন করতে পারেন, সেজন্য জেলা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুসংহত ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উৎসব চলাকালে যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় জনগণকে সার্বক্ষণিক সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
এর আগে প্রদীপ প্রজ্বলন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দুর্গোৎসব ও শারদ মেলার উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী। পরে তিনি দুর্গোৎসব উপলক্ষে এলাকার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা ও পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এ বছর বান্দরবান জেলার সাতটি উপজেলার ৩৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হবে।