ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের দ্রুত পদক্ষেপে সৌদি আরবে আটকে পড়া ৩৩ জন উমরাহ যাত্রী দেশে ফিরেছেন। তারা মাস্ক হজ গ্রুপ ট্রাভেল এজেন্সির মাধ্যমে উমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন।
জেদ্দার বাংলাদেশ হজ অফিসের তথ্য অনুযায়ী, যাত্রীরা গত ২৪ মার্চ সৌদি আরবে যান। সংশ্লিষ্ট এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছিল, ৫ এপ্রিল তাদের দেশে ফেরার কথা। কিন্তু নির্ধারিত সময়ে রিটার্ন টিকিট না দেওয়ায় তাদের ফেরত আসা অনিশ্চিত হয়ে পড়ে।
পরিস্থিতি আরও জটিল হয় ১৮ এপ্রিল, যখন তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। পরে জেদ্দার বাংলাদেশ হজ অফিস বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে জানায়।
বিষয়টি জানার পর ধর্মমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিতে জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেলকে অনুরোধ করেন। এরপর কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যাত্রীদের হোটেলে গিয়ে তাদের সঙ্গে দেখা করে এবং ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে দেশে ফেরার ব্যবস্থা করে।
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যাত্রীরা যাতে বিমানবন্দরে জটিলতায় না পড়েন, সে জন্য জেদ্দার বাংলাদেশ হজ অফিস সৌদি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকেও চিঠি পাঠায়।
কনসুলেটের এই প্রতিনিধি দলে কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, জেদ্দা বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর হজ মো. কামরুল ইসলাম এবং কনস্যুলার এ এস এম সায়েম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একই এজেন্সির মাধ্যমে যাওয়া কিছু উমরাহ যাত্রী গত মাসেও একই ধরনের সমস্যায় পড়েছিলেন। তখনও ধর্মমন্ত্রীর হস্তক্ষেপে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছিল।